কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় এলাকায় একটি সেতু ভেঙে ট্রাক্টর পানিতে পড়েছে। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।রোববার (২৪ মে) দুপুর ১২টার দিকে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সেতুর ওপর দিয়ে ছয়জন যাত্রী নিয়ে একটি ট্রাক্টর যাচ্ছিল। এসময় বিকট শব্দে সেতুর মাঝের অংশ ধসে পানিতে পড়ে যায়। এতে ট্রাক্টরে থাকা সবাই আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. এনামুল হক জানান, সেতু ভেঙে ট্রাক্টর নিচে পড়ে যাওয়ার খবর পেয়ে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। তবে স্থানীয় লোকজন আগেই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
পাঁচগাছী ইউনিয়ন পরিষদের সদস্য মো. শামছুল ইসলাম বলেন, প্রায় ২০ বছর আগে নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সেতুটি দিয়ে পাঁচগাছী ও বেগমগঞ্জ ইউনিয়নের ভেলুর বাজার, নয়ারহাট, সিতাইঝাড় ও পাকারমাথাসহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করতেন।
তিনি আরও বলেন, সেতুটি ভেঙে পড়ায় ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।