ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতিতে একটি রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ট্রাকে চেপে ঈদযাত্রায় উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।
সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
পুলিশ জানায়, উত্তরবঙ্গগামী রডবোঝাই ট্রাকটিতে যাত্রী ছিল ও ত্রিপল দিয়ে ঢাকা ছিল। মহাসড়কের কালিহাতীতে পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে রড ও চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ নিহত হন। এ ছাড়া বেশ কয়েকজন আহত হন।
যমুনা সেতু পুর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুয়াদ রোহানী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সরাতৈল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকার বলেন, বিভিন্ন জায়গা থেকে রডবোঝাই ট্রাকে যাত্রী তোলা হয়েছিল। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।