মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ওমপাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রডবোঝাই পিকআপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে রক্ষা পেয়েছেন পিকআপের চালক-হেলপার।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রোববার (২৪ মে) রাত ১০টার দিকে ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের শ্রীনগর ওমপাড়া এলাকায় মাওয়ামুখী একটি রডবোঝাই পিকআপে আগুন ধরে যায়।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত। আগুন লাগার পর চালক ও হেলপার দ্রুত গাড়ি থেকে নেমে পরেন।
ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।