বগুড়া শহরের বনানী এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী বাবা ও তার দুই বছরের শিশু কন্যা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত মোটরসাইকেল আরোহীর স্ত্রী। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আনিছুর রহমান ও তার দুই বছর বয়সী মেয়ে পুষ্প। আহত আয়েশা বেগমকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, আনিছুর রহমান রংপুরে বেসরকারি সংস্থা ব্র্যাক-এ কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে স্ত্রী আয়েশা বেগম ও কন্যা পুষ্পকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন তিনি।
পথে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই মহাসড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই আনিছুর রহমান ও তার কন্যা পুষ্প মারা যান। গুরুতর আহত অবস্থায় আয়েশা বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। ঘাতক ট্রাকটি শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।