বগুড়ার কাহালু উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আহত হয়েছেন আরও একজন। সোমবার (২৫ মে) বিকেলে উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কাজীপাড়ার বাবুল তালুকদারের স্ত্রী জেসমিন খাতুন (৪৫) ও তাদের মেয়ে তনু আক্তার (২০)। আহত অটোরিকশাচালকের নাম শাওন মিয়া (১৮)। তিনি একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপচাঁচিয়ায় চিকিৎসক দেখিয়ে মা ও মেয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। বিকেলে কাজীপাড়া বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে নওগাঁ-বগুড়া মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী এভারগ্রীন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন চালক শাওন মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
কাহালু ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. সবুজ মিয়া বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।’