সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিম ফকির (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই ঘটনায় মেহেদী (২৫) নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোর ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেতুলিয়া জামে মসজিদের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ।
নিহত নাসিম ফকির উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের হাফিজুল ফকিরের ছেলে। তিনি পেশায় একজন মৎস্য খামারি ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে নিজের খামারের জন্য মাছ কিনতে মোটরসাইকেলযোগে চুকনগরের উদ্দেশে রওনা হন নাসিম। পথে তেতুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-অ ১৪-১৫৫৪ নম্বরের একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয় । এসময় মোটরসাইকেলটি পিকআপ ভ্যানের নিচে আটকে যায় এবং ঘটনাস্থলেই নাসিম ফকিরের মৃত্যু হয়।
খবর পেয়ে তালা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং গুরুতর আহত মেহেদীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।