চট্টগ্রামের বাঁশখালীতে বজ্রপাতে মোহাম্মদ আবদুল্লাহ (৪০) নামের এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার সরল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মোহাম্মদ আবদুল্লাহ ওই এলাকার মৃত বজল আহমদের ছেলে। তিনি স্থানীয় সরল ইসলামিয়া আনছারুল উলুম মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী, চার মেয়ে ও দুই ছেলে আছে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যার দিকে এলাকায় হঠাৎ ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় স্থানীয় বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন মাদ্রাসাশিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ। বাড়ির উঠানে পৌঁছাতেই তার ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার উপপরিদর্শক মো. আরিফ হোসেন বলেন, বজ্রপাতে মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।