ঈদযাত্রায় পাটুরিয়া ঘাট এলাকায় ঘরমুখো যানবাহন ও যাত্রীদের চাপ বেড়েছে। দুপুরের পর থেকে ঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়তে শুরু করে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পারের অপেক্ষায় রয়েছে প্রায় দুই শতাধিক যানবাহন।
সরেজমিনে মঙ্গলবার (২৬ মে) দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঘাট এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
লুৎফর রহমান নামের কুষ্টিয়াগামী এক যাত্রী বলেন, ‘আশুলিয়ায় এক পোশাক কারখানায় কাজ করি। পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি। স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি সময় লাগছে ঘাট পার হতে।’
সিমকি বেগম নামের এক যাত্রী বলেন, ‘মহাসড়কে কয়েক দফা বৃষ্টিতে ভিজেছি। এসবি লাইন পরিবহনে বাড়ি যাচ্ছি। ঘাটে যানবাহন ও যাত্রী চাপ বেশি হওয়ায় ফেরি পেতে দেরি হচ্ছে।’
পাটুরিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী নাগরিক প্রতিদিনকে বলেন, ‘দুপুরের পর থেকে পাটুরিয়া ঘাটে যাত্রীদের চাপ বেড়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২০টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। শিল্প কারখানা ছুটি হওয়ায় যাত্রীদের চাপ বেড়েছে।’
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম সালাম হোসেন বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। যানবাহনের সিরিয়াল থাকলেও কোনো ভোগান্তি নেই।’