সিরাজগঞ্জের সলঙ্গায় ঢাকা-রাজশাহী মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সলঙ্গার চড়িয়া কান্দিপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—সলঙ্গার অটোরিকশাচালক সোরমান হোসেন (৩৫) এবং একই এলাকার আঙ্গারু গ্রামের কাঠমিস্ত্রি গোবিন্দ সূত্রধর (৪০)। নিহত আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস চড়িয়া কান্দিপাড়া ব্রিজে পৌঁছালে হাটিকুমরুল থেকে সলঙ্গাগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত সরে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।