বগুড়ার ধুনট উপজেলায় ঈদুল আজহা উপলক্ষ্যে নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান-চল্লিশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় রহমান (১৭) স্থানীয় একটি কারিগরি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তিনি ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বাবার কাছে নতুন মোটরসাইকেলের দাবি জানিয়ে আসছিল হৃদয়। ঈদের আগে মোটরসাইকেল কিনে দেওয়ার আশ্বাস দিলেও আর্থিক সংকটের কারণে তাৎক্ষণিকভাবে সেটি কিনে দিতে পারেননি তার বাবা। এতে অভিমান করে পরিবারের অজান্তে নিজ ঘরের আড়ার সঙ্গে বেল্ট পেঁচিয়ে আত্মহত্যা করে হৃদয়।
পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা আব্দুল লতিফ বলেন, ‘ছেলে কয়েকদিন ধরে মোটরসাইকেলের জন্য বায়না করছিল। তাকে বুঝিয়েছিলাম, কিছুদিন পর টাকা হলেই কিনে দেব। কিন্তু সে এমন সিদ্ধান্ত নেবে, তা কখনও ভাবিনি।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।