ভাগাভাগির মাধ্যমে ঈদের আনন্দ উপভোগ করতে পরিবারের সঙ্গে বাড়ি ফিরছিল চার বছর বয়সী দুই শিশু আব্দুল্লাহ ও আরিফা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই নিরানন্দে পরিণত হয়। তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশা উল্টে নিহত হয়েছে তারা। বৃহস্পতিবার (২৮ মে) ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শামসুল হকের ছেলে আব্দুল্লাহ এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার বারো আরিয়া এলাকার আল আমিনের মেয়ে আরিফা। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের মা দুলালী বেগম ও ফরিদা বেগম।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে টানা বৃষ্টির কারণে মহাসড়কে দ্রুতগতিতে চলছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। গোবিন্দগঞ্জ থেকে ভাদুড়িয়ার পথে কানাগাড়ি বাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অটোরিকশাটি ধাক্কা দেয়। এরপর অটোরিকশাটি উল্টে যায় এবং দুই শিশুসহ চারজন আহত হন।
পরে পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আহত দুই নারীকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।