কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টার দিকে পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল আজহার নামাজ শেষে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের সামনে কোরবানির গরুর মাংস বণ্টন নিয়ে কামরুল মোল্লা ও আবু বক্কার মুন্সির লোকজনের মধ্যে কথাকাটাকাটি চলছিল। একপর্যায়ে উভয় পক্ষ চরম পর্যায়ে চলে যায়। মসজিদ কমিটির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।