বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় পারিবারিক কলহের জেরে মিমি বেগম (২৬) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারচি গণকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিমি বেগম ওই এলাকার কাঠমিস্ত্রি রুবেল মন্ডলের (৩০) স্ত্রী। এ ঘটনার পর রুবেলকে আটক করেছে পুলিশ। সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল মিমি ও রুবেলের মধ্যে। ঈদের দিন দুপুরে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রুবেল ধারাল দা দিয়ে স্ত্রী মিমিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, ‘ধারাল অস্ত্রের আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনার পর নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’