মুন্সীগঞ্জের গজারিয়ায় টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামে নদী থেকে অজ্ঞাতনামা এক তরুণীর (২৫) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। আলামত দেখে স্থানীয়দের ধারণা ওই তরুণীকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (২৯ মে) সকাল ১০টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামের পূর্ব পাশের নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাতটার দিকে নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে গ্রামের শত শত উৎসুক জনতা নদীর পাড়ে ভিড় জমায়। পরে খবর পেয়ে সকাল ১০টার দিকে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা কবির হোসেন জানান, ‘সকালে মরদেহটি নদীতে ভেসে থাকতে দেখা যায়। মেয়েটি আমাদের এলাকার নয়। মরদেহের ডান চোখ এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। পরনের সালোয়ার দিয়ে গলায় ফাঁস লাগানো আছে। প্রাথমিক অবস্থা দেখে মনে হচ্ছে জোয়ারের টানে মরদেহটি এখানে ভেসে এসেছে।
এ বিষয়ে জানতে চাইলে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, ‘খবর পাওয়ার পর সকাল দশটার দিকে আমরা মরদেহটি উদ্ধার করেছি। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। নিহতের পরিচয় শনাক্তকরণসহ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।’