মুন্সিগঞ্জের গজারিয়ায় ফুলদি নদী থেকে অজ্ঞাতনামা এক তরুণীর (২৫) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (২৯ মে) সকাল দশটার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামের পূর্ব পাশের নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা তরুণীকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাতটার দিকে নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে গ্রামের শত শত মানুষ নদীর পাড়ে ভিড় জমান। পরে খবর পেয়ে সকাল ১০টার দিকে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
কবির হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘সকালে মরদেহটি নদীতে ভাসতে দেখা যায়। মেয়েটি আমাদের এলাকার নয়। মরদেহের ডান চোখ এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। পরনের সালোয়ার দিয়ে তার গলায় ফাঁস লাগানো ছিল।’
এ বিষয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থালে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।