পাবনার ঈশ্বরদীতে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী ও ননদের বিরুদ্ধে। এ ঘটনার পর বৃহস্পতিবার (২৯ মে) দিনগত রাত ২টার দিকে অভিযুক্ত স্বামী চাঁদ আলী খাঁ এবং ননদ সান্তনা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার চাঁদ আলী খাঁ উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের মৃত হাবিবুর রহমান হবি খাঁর ছেলে। পেশায় ইটভাটার শ্রমিক। এর আগে রোববার (২৪ মে) সকাল ৮ টার দিকে ওই গৃহবধূকে নির্যাতনের ঘটনা ঘটে।
ভুক্তভোগী গৃহবধূ জানান, যৌতুক হিসেবে ইতোপূর্বে ১ লাখ ৫০ হাজার টাকার জন্য তার স্বামী ও ননদ তাকে চাপ দিতে থাকেন। পরে ওই গৃহবধূ বাবার কাছ থেকে সেই টাকা এনে দেন। এ ঘটনার কিছুপর তার স্বামী ও ননদ পুনরায় তাকে টাকার জন্য চাপ দিতে থাকেন। এবার তিনি টাকা এনে দিবেন না জানালে অভিযুক্তরা ওই গৃহবধূকে মারধর করেন। বিয়ের পর থেকেই প্রায়ই এমন নির্যাতন করা হতো বলে অভিযোগ করেছে তিনি।
ভুক্তভোগী অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীকে সময়মতো বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় সে ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করেন। এক পর্যায়ে আমার ননদ সান্তনা খাতুনের সহযোগিতায় চুল কাটার মেশিন দিয়ে আমার মাথার চুল কেটে দেয়।’
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। এ ঘটনায় চাঁদ আলী ও সান্তনা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’