ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে অজ্ঞাতনামা (৫০) এক নারীর ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। শনিবার (৩০ মে) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রামের মহাসড়কে গজারিয়ার পুরান বাউশিয়া এলাকার ঢাকাগামী লেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে পথচারীরা সড়কের ওপর নারীর ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পথচারী আলী আজম জানান, সকালে ঘুম থেকে উঠে রাস্তায় গিয়ে তিনি মরদেহটি দেখতে পান। তার ধারণা নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে প্রায়ই ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত।
ভবেরচর হাইওয়ে ইনচার্জ (ওসি) কামাল আখন্দ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে দ্রুতগতির কোনো গাড়ি ওই নারীকে চাপা দিয়ে চলে গেছে। পরে দীর্ঘ সময় মরদেহটি সড়কে পড়ে থাকায় তার ওপর দিয়ে আরও কয়েকটি গাড়ি চলাচল করে, যার কারণে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।
তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্ত, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ী গাড়ি শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।