পটুয়াখালীর কুয়াকাটায় ঘুরতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামের এক পর্যটক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন পর্যটক।
সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মেরিনড্রাইভ সড়কের মাঝি বাড়ি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানার আমির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জিসান, রাব্বি ও আবির নামের তিন বন্ধু শরীয়তপুর থেকে কুয়াকাটায় ঘুরতে আসেন। সাড়ে ১০টার দিকে তারা মেরিনড্রাইভ সড়ক হয়ে লেম্বুরবনের উদ্দেশে রওনা হন। এসময় মাঝিবাড়ি এলাকায় পৌঁছলে ওই স্থানে রাস্তা পার হচ্ছিলেন মিম (১৮) নামের এক পর্যটক। তখন তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি ছিটকে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চার পর্যটকই আহত হন।
তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনিমেষ হাওলাদার বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।