ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালীগ্রাম ফ্লাইওভার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গ্যাসবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের শিশুসহ ৫ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা ৭ আরোহীর মধ্যে চালকসহ ৪ জন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় বাকি ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ মোট ৫ জন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার ও ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।