ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালীগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় মিলেছে। নিহত প্রাইভেটকারের চালকের পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নিহতরা হলেন- যশোরের ধিকরগাছা এলাকার মালয়েশিয়া প্রবাসী রাকিব হোসেন, তার মা নুরজাহান বেগম, বোন আয়েশা আক্তার, ভাই আরিফ হোসেন ও প্রাইভেটকারের চালক অজ্ঞাত। এ ঘটনায় আহত দুই শিশু আশরাফুল হোসেন (৮) ও তাসফিয়া (৩) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রসঙ্গত, সোমবার (১ জুন) দিবাগত ভোররাত সাড়ে ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালীগ্রামে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় পাঁচজনের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় দুই শিশু আহত হয়েছে।
মাদারীপুরের শিবচর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ভোরের দিকে ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার দ্রুতগতিতে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী ও দুই পুরুষ মারা যান।
তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আরও এক ব্যক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।