সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩ জুন) রাত আনুমানিক দুইটার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন—কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং একই গ্রামের মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে মহিউদ্দিন ও শাহীন অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেন। পরবর্তীতে তারা কলকাতার হাওড়া হয়ে তামিলনাড়ু রাজ্যে যান এবং সেখানে রাজমিস্ত্রি হিসেবে কাজ করছিলেন। বুধবার রাতে বসন্তপুর সীমান্তসংলগ্ন বাশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে তারা অবৈধভাবে বাংলাদেশে ফেরার চেষ্টা চালান। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে দুজনই গুলিবিদ্ধ হন।
গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। রাত সোয়া ৩টার দিকে আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে তারা অবৈধভাবে দেশে ফেরার সময় বিএসএফের গুলির শিকার হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে সীমান্ত এলাকায় বারবার বাংলাদেশিদের ওপর বিএসএফের এমন গুলিবর্ষণের ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসলেও এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছেই।