নরসিংদীর শিবপুরে সড়কের পাশ থেকে বাক্সবন্দি অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সকালে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের পঁচারবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার পঁচারবাড়ি এলাকায় ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের পাশে ও ধানক্ষেতের সঙ্গে একটি বাক্সে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। এসময় মরদেহের পাশে একটি ব্যাগে কিছু কাঁপড় পাওয়া যায়।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া জানান, নবজাতকটি ছেলে বাচ্চা। ধারণা করা হচ্ছে পরিচয় আড়াল করতে রাতের আধাঁরে নবজাতকটির মরদেহ সড়কের পাশে ফেলে রেখে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।