গাজীপুর নগরের ভোগরায় বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) বেলা দেড়টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় একটি অটোরিকশা যাত্রী তোলার জন্য দাঁড়ায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। পরে বাসটি সামনে থাকা আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই বাসের চাপে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার চালক ও এক যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশা কেটে মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন বলেন, ‘খবর পেয়ে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী গাড়ি নিয়ে আমাদের টিম ঘটনাস্থলে আসে। পরে অটোরিকশার মধ্যে পিষ্ট হয়ে যাওয়া দুটি লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।’