রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যাওয়া এসবি পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুর ১২টার দিকে বাসটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে সাড়ে ৯টার দিকে ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। তবে, এ সময় বাসটিতে ড্রাইভার, হেলপার ও সুপারভাইজার ছাড়া কোনো যাত্রী ছিল না। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটা ফেরিতে ওঠার সময় সবাই বলল যে বাসের যাত্রীদের নামিয়ে দাও। তখন সব যাত্রী নেমে গেল। শুধু ড্রাইভার, হেলপার ও সুপারভাইজার ছিলেন। নিয়ন্ত্রণ হারানোর পর ড্রাইভার অনেক চেষ্টা করেছেন পারেননি। পরে র্যাম ভেঙে পড়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাড়িতে কোনো যাত্রী ছিলো না। ড্রাইভার ও হেলপার গাড়ি থেকে নামতে গিয়ে সামন্য ব্যাথা পেয়েছে। বাস উদ্ধারে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও কোস্ট গার্ড কাজ করেছে। উদ্ধারকারী জাহাজ হামজা ও উদ্ধারকাজে যোগ দেয় ডুবুরি দল।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। পরে হামজা এসে বাসটিকে উদ্ধার করে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বাস থেকে যাত্রী নামানো অবস্থায় ছিল। আহত অবস্থায় ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।