গাইবান্ধার সাঘাটা উপজেলায় ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মাদরাসার এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শুক্রবার (৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বোনারপাড়ার জামিয়া কওমি দারুল উলুম মাদরাসায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম রবিউল ইসলাম। তিনি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয়রা জানান, অভিযুক্ত রবিউল দীর্ঘ সময় ধরে মাদরাসার অফিস কক্ষে ওই শিক্ষার্থীর সঙ্গে জোরাজুরি করছিলেন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা সেখানে গিয়ে তাকে হাতেনাতে আটক করেন।
পরে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর কাছে বিস্তারিত জানতে পেরে রবিউলকে গণপিটুনি দেন স্থানীয়রা। এরপর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বোনারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য রতন মিয়া বলেন, ‘ঘটনাটি শোনার পরে আমি ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে পুলিশে দেওয়ার ব্যবস্থা করি।’
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তিকে এলাকাবাসী আটকে রেখেছিল। পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।