ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জামায়াতের প্রায় ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার বাঘাডাঙ্গা মহিউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনির হাতে ফুল দিয়ে জামায়াতের নেতাকর্মীরা দলে অন্তর্ভুক্ত হন। যোগদানকারীদের মধ্যে শতাধিক নারীও রয়েছেন।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন বিএনপি'র সভাপতি আমিনুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ফুটানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি বলেন, ‘বিএনপির গণমুখী রাজনীতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ বিএনপিতে যোগ দিচ্ছেন। এতে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি সব সময় রাজপথে রয়েছে। সেই কারণেই বিভিন্ন দল ও মতের মানুষ বিএনপির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছেন।’
যোগদানকারীদের মধ্যে একজন বলেন, ‘দীর্ঘদিন অন্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। বিএনপির কার্যক্রম ও নেতৃত্বে আস্থা রেখে আমরা একসঙ্গে দলে যোগ দিয়েছি। ভবিষ্যতে দলের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেব।’
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।