জামালপুরের মেলান্দহ উপজেলায় পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই গ্রামের আনছার আলীর পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এর আগে বিকেল ৫টা থেকে তারা নিখোঁজ ছিল।
মৃতরা হলো রায়ের বাকাই গ্রামের আব্দুর রফিকের ছেলে আল নাফি (৮) এবং একই গ্রামের মঞ্জু মিয়ার ছেলে মো. রিফাত (৮)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ফুটবল খেলা শেষে দুই শিশু গোসল করতে বাড়ির পাশের পুকুরে যায়। এরপর তারা আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজন ও এলাকাবাসী দীর্ঘ সময় ধরে সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েও তাদের কোনো খোঁজ পাননি।
একপর্যায়ে রাতে পুকুরপাড়ে শিশু দুটির জুতা দেখতে পান স্বজনরা। পরে স্থানীয় কয়েকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি করলে দুই শিশুকে গলাগলি অবস্থায় পানির নিচে দেখতে পান। সেখান থেকে তাদের উদ্ধার করে পাড়ে আনা হলে তারা মৃত বলে নিশ্চিত হওয়া যায়।
চরবানীপাকুরিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি। স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’