যশোরে ৩১টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২০ জুন) দিনগত রাত ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
আটকরা হলেন— নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিআল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং যশোর কোতোয়ালি থানার বালিয়া ভেকুটিয়া গ্রামের মো. সানু মিয়ার ছেলে মো. আনিস (৩৬)।
শনিবার দুপুরে ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মো. সাইফুল আলম খান এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, উদ্ধার হওয়া সোনার ওজন ৩ কেজি ৬৪১ গ্রাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এগুলো খাঁটি সোনা হিসেবে নিশ্চিত করেছে। যার বাজারমূল্য ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা।
এ ছাড়া পাচার কাজে ব্যবহৃত প্রাইভেট কারের মূল্য ৫৪ লাখ ৫০ হাজার টাকা, তিনটি মোবাইল ফোনের মূল্য ৩৬ হাজার টাকা এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা মালামালের মোট মূল্য ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ২১০ টাকা।
বিজিবি অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনাগুলো সংগ্রহ করেছিলেন। পরে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তাদের।
তিনি আরও বলেন, আটক দুই ব্যক্তি ও জব্দ করা সোনাসহ অন্যান্য মালামাল আইনগত প্রক্রিয়ার জন্য যশোর কোতোয়ালি থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।