পুলিশ পরিদর্শককে নিয়ে বেফাঁস মন্তব্য করা খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সেই অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে স্ট্যান্ড রিলিজ করে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার এক আদেশে শনিবার (২০ জুন) তাকে প্রত্যাহার করা হয়।
অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত ওই আদেশে রাশিদুল ইসলামকে বর্তমান কর্মস্থলে দায়িত্বভার অর্পণ করে ২১ জুন পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।
এর আগে, গত ১৭ জুন কেএমপির লবণচরা থানা এলাকায় আয়োজিত এক সমাবেশে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান। সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের সম্পর্কে তথ্য দেওয়ার ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে তিনি আশ্বাস দেন। এ সময় তিনি বলেন, ‘কোনো ইনফরমেশন ইন্সপেক্টরকে বলার পর যদি ফাঁস হয়, তবে মুসলমান হিসেবে কথা দিচ্ছি, আমি নিজে ওই ইন্সপেক্টরকে এই গাছের সঙ্গে ঝুলিয়ে দেব, আপনারা নিজে পিটাইয়া মারবেন।’