চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ।
রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর আরও জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যায় ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে পাঠানো হয়।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, দুই ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ রয়েছে সজীবের বিরুদ্ধে। অভিযোগকারীদের একজন বিদেশি নাগরিক। এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এদিকে বিভিন্ন অনিয়ম ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে খাইরুল ইসলাম সজীবকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতার কোনো কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না। একই সঙ্গে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।