নাগরিক প্রতিদিনে সংবাদ প্রকাশ
ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও শিক্ষকদের হয়রানির অভিযোগে আলোচিত মাগুরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রদ্যুৎ কুমার দাসকে অবশেষে বদলির আদেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
গত বৃহস্পতিবার (২৫ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রজ্ঞাপন জারি করে তাকে বর্তমান কর্মস্থল থেকে অন্যত্র বদলি করে।
এর আগে গত ২১ মে ‘ঘুষের টাকা না দিলে কাজ করেন না শিক্ষা কর্মকর্তা’ শিরোনামে নাগরিক প্রতিদিনে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে শিক্ষা কর্মকর্তা প্রদ্যুৎ কুমার দাস, অফিসের প্রধান ক্যাশিয়ার মো. সেলিম রেজা ও কম্পিউটার অপারেটর নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরা হয়।
প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি নিয়ে শিক্ষা অঙ্গন ও জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপর গত ২ জুন কম্পিউটার অপারেটর নজরুল ইসলামকে মাগুরা জেলা শিক্ষা অফিস থেকে বাগেরহাটের সৈয়দ মহল্লা খোদেজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়।
এবার শিক্ষা কর্মকর্তা প্রদ্যুৎ কুমার দাসকে বদলি করা হলো। তবে তাদের বিরুদ্ধে নানা ধরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বদলির দুটি প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।