সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এক নারীর ঘর থেকে স্থানীয় একটি মসজিদের ইমামকে আটক করেছেন স্থানীয়রা।
শনিবার (২৮ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দেড়াগাঁতী মধ্যপাড়া (টাঙ্গাইলপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর ধরে দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদের ইমামতি কেরেন মো. সেলিম। বিধবা শানু বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে সেলিম অবৈধ সম্পর্কের বিষয়ে গ্রামে বেশ আলোচনা চলছিল। এরই মধ্যে শনিবার গভীর রাতে সেলিমকে শানু বেগমের ঘরে আটক করেন স্থানীয়রা।
এ বিষয়ে অভিযুক্ত ইমাম মো. সেলিম বলেন, ‘গত দেড় মাস ধরে আমাদের মধ্যে যোগাযোগ ছিল। পরে আমি তার বাড়িতে যাই। সেখানে স্থানীয়রা আমাকে আটক করেন।’
অন্যদিকে শানু বেগম বলেন, ‘আমাদের মধ্যে সম্পর্ক রয়েছে। আমি তাকে বিয়ে করতে চাই।’
পরে স্থানীয়দের উপস্থিতিতে বিষয়টি নিয়ে সালিস বৈঠক হয়। বৈঠকে ১০ লাখ টাকা কাবিন ধার্য করে ইমাম মো. সেলিম ও শানু বেগমের বিয়ে দেওয়া হয়। বিয়ের পর ইমাম সেলিম তার স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যান।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ‘ঘটনার বিষয়টি আমরা জেনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’