জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাস বয়সী এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা শ্রাবন্তী বেগমকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছেন।
রোববার (২৮ জুন) দুপুরে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এদিন সকালে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের ভাবকী গোয়ালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আটক শ্রাবন্তী বেগম ওই এলাকার হুমায়ুন আহমেদের স্ত্রী। নিহত শিশুর নাম শাওন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে হুমায়ুন আহমেদের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে পারিবারিক কলহ চলছিল। রোববার ভোরে শ্রাবন্তী আট মাস বয়সী ছেলে শাওনকে নিয়ে বাড়ি থেকে বের হন। বাড়িতে তাদের না দেখে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে শ্রাবন্তীর স্যান্ডেল দেখতে পান স্থানীয়রা। পরে পুকুরে খোঁজাখুঁজি করে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় বাড়ি থেকে কিছু দূরে শ্রাবন্তীকে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করে খুটির সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং শ্রাবন্তীকে থানায় নিয়ে যায়।
নিহতের ফুফু সুমাইয়া বলেন, ‘গত রাতেও ভাতিজার সঙ্গে খেলেছি। সকালে শুনি সে আর নেই। আমরা এ ঘটনার সর্বোচ্চ শাস্তি চাই।’
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। শিশুটির মাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।