মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের পশ্চিম শশিকর চৌমুহনী বাজার সংলগ্ন সংযোগ খালের ওপর একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে ১৫ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষকে।
প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হয়ে স্কুল-কলেজে যাতায়াত করছে শত শত শিক্ষার্থী। একইভাবে কৃষক, শ্রমজীবী, ব্যবসায়ী, নারী, শিশু, বৃদ্ধ ও রোগীদেরও বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ সাঁকো ব্যবহার করতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর আগেও এই খালের ওপর সেতু ছিল। ২০২১ সালের বন্যায় সেটি ভেঙে সম্পূর্ণ বিলীন হয়ে যায়। যার কারণে হাজার হাজার মানুষ বিপাকে পড়েন। পরে সরকারের দিকে না তাকিয়ে থেকে সবার চলাচলের সুবিধার জন্য স্থানীয়রা নিজ উদ্যোগে এই সাঁকোটি তৈরি করেন। বর্তমানে সেই সাঁকোটিও নড়বড়ে হয়ে পড়েছে।
শশিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী জানায়, এই সাঁকো দিয়ে পারাপার হতে তাদের ভয় লাগে। অনেক শিক্ষার্থী পার হওয়ার সময় তাদের বই-খাতা নিচে পরে যায়। অনেকে ভয়ে স্কুলে আসে না। তাই তারা এখানে দ্রুত একটি সেতু চায়।
হিন্দু ধর্মাবলম্বী এক নারী অভিভাবক বলেন, ‘হাসিনার সরকারের আমলে শুনছিলাম এখানে ব্রিজ হবে, হয় নাই। বর্তমান এমপিও এখানে আইসা বলছে ব্রিজ করে দেবে। কিন্তু কবে ব্রিজ হবে, তা আমরা জানি না। আমরা চাই এই সরকার এখানে যেন একটা ব্রিজ করে দেয়।’
ইব্রাহিম সবুজ নামের এক গণমাধ্যমকর্মী বলেন, ‘এখানে আশপাশে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে এই সেতু পার হতে গিয়ে সমস্যায় পড়তে হয়। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হয়। তাই এখানে সেতু নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে।’
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে নতুন সেতু নির্মাণের দাবি জানালেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিভিন্ন সময় আশ্বাস মিললেও কাজের অগ্রগতি না থাকায় হতাশ এলাকাবাসী।
এ বিষয়ে মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া বলেন, ‘সেতুটি নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমানে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়নের কাজ চলছে। প্রকল্পটি অনুমোদন পেলেই ই-টেন্ডারের মাধ্যমে দ্রুত নির্মাণ কাজ শুরু হবে।’