ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২৯ জুন) সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর এলাকায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গীগামী পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার দারাব উদ্দীনের ছেলে রাজা হাসান রাজু (২৯) এবং পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার নবীর হোসেনের ছেলে রাফায়েল হাসান হৃদয় (১৮)। গ্রেপ্তার দুজন সম্পর্কে আপন মামা-ভাগনে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি ইজিবাইকের গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে রাজুর প্যান্টের পকেট থেকে ১ হাজার ৫০০ পিস এবং হৃদয়ের প্যান্টের পকেট থেকে আরও ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোট ৩ হাজার পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।
হারুন আর রশিদ জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।