কক্সবাজারের টেকনাফ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগর থেকে মাছ ধরার একটি ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে।
সোমবার (২৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম। এর আগে রোববার সকালে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন সাগর এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
অপহৃত জেলেরা হলেন— মাঝি সালাম নুর (৩১), মো. আইয়ুব (৩৭), মো. আজিজুল্লাহ (৩০), সৈয়দ হোসেন (২৫) এবং মো. আইয়ুব (২৪)। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।
আবুল কালাম জানান, টেকনাফের সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার বাসিন্দা আলী আহমদের একটি ট্রলার নিয়ে জেলেরা সাগরে মাছ শিকার করতে যান। ট্রলারটি সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন এলাকায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করেন। পরে ট্রলারসহ পাঁচ জেলেকে তারা মিয়ানমারের দিকে নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী সাগর এলাকায় সাম্প্রতিক সময়ে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব পড়ছে। যার কারণে জেলেদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অপহৃতদের দ্রুত উদ্ধারে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এবিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, ট্রলারসহ পাঁচজনকে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে জেনেছি। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।