গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরে একই সময়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমাবেশ ডাকাকে কেন্দ্র করে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পলাশবাড়ী চৌমাথা থেকে ৫০০ মিটার এলাকার মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, কোনো ধরনের অস্ত্র, লাঠি বা আগ্নেয়াস্ত্র বহন, স্লোগান, মিছিল ও শব্দযন্ত্র ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ এ আদেশ জারি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ জানান, উপজেলার বরিশাল ইউনিয়নে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষকে কেন্দ্র করে মঙ্গলবার পরস্পরবিরোধী কর্মসূচির কারণে পলাশবাড়ী চৌমাথা থেকে ৫০০ মিটার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির আশঙ্কা রয়েছে। এ কারণে মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারা জারি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে জুনদহ বাজার এলাকায় পূর্ববিরোধের জেরে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডলের দুই ভাগনে কাকন ও নিয়নের সঙ্গে বরিশাল ইউনিয়ন ছাত্রশিবিরের কর্মী আল-আমিনের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় চলা এ সংঘর্ষে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডলসহ উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হন। আহত আব্দুস সামাদ মণ্ডলকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপি মঙ্গলবার বিকেল ৪টায় পলাশবাড়ী চৌমাথা মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। অন্যদিকে একই সময়ে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী ফ্লাইওভারের নিচে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয় উপজেলা জামায়াতে ইসলামী।