মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকায় রাস্তার পাশে কয়েক দিন অসুস্থ অবস্থায় কাতরাচ্ছিলেন প্রায় ৭০ বছর বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধ। সোমবার (২৯ জুন) রাতে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়রা জানান, পানিছত্র এলাকার আল জাবির উচ্চবিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে কয়েকদিন ধরে ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখা যায়। শারীরিক দুর্বলতা ও অসুস্থতার কারণে তিনি ঠিকমতো চলাফেরা করতে পারছিলেন না। তার অবস্থা দেখে স্থানীয়রা মানবিক কারণে খাবার ও পানি সরবরাহ করেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় যুবক, সংবাদকর্মী ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
উদ্ধারকারীরা জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ অসংলগ্নভাবে কথা বলায় তার নাম-পরিচয় বা স্থায়ী ঠিকানা নিশ্চিত করা সম্ভব হয়নি। তিনি দাবি করেন, ছেলে ও পুত্রবধূ দীর্ঘদিন ধরে তার সঙ্গে খারাপ আচরণ করতেন এবং একপর্যায়ে তাকে ওই স্থানে ফেলে রেখে চলে যান। তবে তিনি নিজের পরিচয় সম্পর্কে একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছেন। ফলে তার এ বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
পথচারী আজিজুল ইসলাম বলেন, ‘বৃদ্ধ ব্যক্তি সম্ভবত মানসিক কোনো সমস্যায় ভুগছেন। তাই তিনি সঠিকভাবে তার প্রকৃত পরিচয় বলতে পারছেন না।’
স্থানীয় ব্যবসায়ী শহীদুল ইসলাম জানান, বৃদ্ধের স্বজনদের খুঁজে বের করতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। তবে এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি।
সমাজসেবক আসাদুজ্জামান সাইফ বলেন, ‘আমরা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও সংশ্লিষ্ট মানবিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাই, দ্রুত এই বৃদ্ধের পরিচয় শনাক্ত করে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।’
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. অখিল সরকার বলেন, ‘স্বেচ্ছাসেবক ও সাংবাদিকদের সহায়তায় একজন অজ্ঞাতনামা বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।’