ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভুয়া প্রবেশপত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন তাসফিয়া রহমান (১৮) নামের এক তরুণী। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার তফাজ্জল আলী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এসময় ওই তরুণীকে সহায়তার অভিযোগে তার ফুফাতো ভাই ইনজামুল হককেও (১৯) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে মোট ৪০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, তাসফিয়া রহমান তার ফুফাতো ভাইয়ের সহযোগিতায় একটি ভুয়া প্রবেশপত্র তৈরি করে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে আসেন। পরীক্ষা শুরুর আগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রবেশপত্র যাচাইয়ের সময় এতে উল্লেখিত কোড নম্বর ও পরীক্ষার বিষয়ের সঙ্গে অমিল দেখতে পান। পরে বিস্তারিত যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া যায়, উপস্থাপিত প্রবেশপত্রটি ভুয়া।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তফাজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ বলেন, প্রবেশপত্র যাচাইয়ের সময় কোড নম্বর ও পরীক্ষার বিষয়ের মধ্যে অসঙ্গতি ধরা পড়ে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়।
পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত ভুয়া প্রবেশপত্র ব্যবহারের অভিযোগে আটক দুইজনকে মোট ৪০ হাজার টাকা জরিমানা এবং কারাদণ্ড প্রদান করেন।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম বলেন, ভুয়া প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে এসে তারা আটক হয়েছেন। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।