মাদারীপুরের কালকিনি উপজেলায় মাদক, জুয়া, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রমজানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের দ্রুত, কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে রমজানপুরে মাদক ব্যবসা, জুয়ার আসর, চুরি ও ডাকাতির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এসব অপরাধের কারণে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। বিশেষ করে মাদকের বিস্তারে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক উদ্বেগের বিষয়।
তারা আরও বলেন, অটোরিকশা ও ভ্যান চুরির ঘটনা বেড়ে যাওয়ায় নিম্ন-আয়ের বহু পরিবার জীবিকার সংকটে পড়েছে। এ পরিস্থিতিতে মাদক ব্যবসা ও জুয়ার আসরের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা, পুলিশি টহল জোরদার এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে জেলা বিএনপির সদস্য আব্দুস সোবাহান চৌকিদার, রমজানপুর ইউনিয়ন বিএনপির নেতা রনি হাওলাদার, নতুন টরকী বাজারের ব্যবসায়ী মো. সোহেল বেপারী, মো. জামাল বেপারী, মো. সানাউল সরদার, ইসরাইল বেপারী, মো. স্বপন পালোয়ান, কামরুল ইসলাম, আকবর বেপারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।