পিরোজপুরের জিয়ানগর উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে সরকারি সড়কে টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এতে গুরুত্বপূর্ণ ওই সড়কে কয়েক হাজার মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে সড়কের বিভিন্ন স্থানে টিনের বেড়া দেওয়া অবস্থায় দেখা যায়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের মধ্য বালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত লিয়াকত আলী (৭০) ওই গ্রামের মৃত আশ্রাব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালিপাড়া বাজার থেকে চৌকিদারহাট পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ সড়কটি ১৯৯২ সালে তৎকালীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোবহান হোসেনের উদ্যোগে নির্মাণ করা হয়। পরে ২০২০ সালে স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন টিয়ারের উদ্যোগে কাবিখা ও এডিপির অর্থায়নে সড়কটিতে ইটের সলিং করা হয়। বর্তমানে সরকারি আইডিভুক্ত এ সড়ক দিয়ে জিয়ানগর ও মোরেলগঞ্জ উপজেলার প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ নিয়মিত যাতায়াত করে।
অভিযোগ রয়েছে, মধ্য বালিপাড়া গ্রামের মিজান খানের বাড়ির সামনে প্রায় ৩০০ ফুট সড়কের ইট তুলে তিনটি স্থানে টিনের বেড়া দিয়েছেন লিয়াকত আলী ও তার দুই ছেলে মিরাজ হোসেন (৩৫) ও সোহেল। এতে সড়ক দিয়ে মানুষের চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে।
স্থানীয়দের দাবি, এটি শত বছরেরও বেশি পুরনো জনসাধারণের চলাচলের রাস্তা। হঠাৎ করে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয় বাসিন্দা ফেরোজা খানম বলেন, ‘ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য এসে দেখি রাস্তা টিনের বেড়া দিয়ে আটকে রাখা হয়েছে। অনেকদিন পর ভাইয়ের বাড়িতে যেতে চেয়েছিলাম, কিন্তু যেতে পারিনি।’
স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন বলেন, ‘মিজান খানের বাড়ি থেকে মজিবর মাদবরের বাড়ি পর্যন্ত সড়কের দুটি স্থানে বেড়া দিয়ে ইট তুলে রাস্তা দখলের চেষ্টা করেছেন লিয়াকত আলী ও তার দুই ছেলে। প্রশাসনের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
তবে অভিযোগ অস্বীকার করেননি লিয়াকত আলী। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় প্রভাব খাটিয়ে আমার প্রায় ৯ শতক জমির ওপর দিয়ে রাস্তা নেওয়া হয়েছে। তাই আমি আমার জমিতে বেড়া দিয়ে ঘর তুলেছি।’
বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘এটি সরকারি আইডিভুক্ত সড়ক। প্রতিদিন ২০ হাজারেরও বেশি মানুষ এ পথে চলাচল করেন। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে লিয়াকত আলী ও তার দুই ছেলে সড়কের ওপর টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টা করেছেন।’
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহাব্বত খান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’