মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত গুরুত্বপূর্ণ সেতুর পশ্চিম তীরে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করায় সেতুর আশপাশের এলাকায় এই ভাঙনের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ২০২৩ সালের ৪ নভেম্বর আড়িয়াল খাঁ নদের ওপর ৫৫০ মিটার দৈর্ঘ্য এবং ৯.৮০ মিটার প্রস্থের সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এর ফলে উপজেলা সদরের সঙ্গে নিলখী, শিরুয়াইল, দত্তপাড়া ইউনিয়নসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসে। দীর্ঘদিনের নৌপথের দুর্ভোগ থেকে মুক্তি পেয়ে শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি ফিরে আসে। বর্তমানে প্রতিদিন হাজারো মানুষ এই সেতু ব্যবহার করে যাতায়াত করছেন।
তবে সম্প্রতি সেতুর পশ্চিম পাশে নদীতীরে ভাঙন দেখা দেওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন গভীর রাতে অবৈধ ড্রেজার বসিয়ে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক গতিপ্রকৃতি পরিবর্তিত হয়ে তীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে।
রহিম মৃধা নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘এই সেতু আমাদের এলাকার মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু রাতে ড্রেজার দিয়ে যেভাবে বালু তোলা হচ্ছে, তাতে সেতুর পাশের মাটি ধসে পড়ছে। দ্রুত ব্যবস্থা না নিলে একসময় সেতুটিই ঝুঁকির মুখে পড়বে।‘
স্থানীয় বাসিন্দা ফুলমতি বেগম বলেন, ‘এই সেতু দিয়ে আমাদের সন্তানরা স্কুলে যায়, রোগীরা হাসপাতালে যায়। যদি সেতুর কোনো ক্ষতি হয়, তাহলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ।’
সজীব হোসেন বলেন, প্রতিদিন গভীর রাতে ড্রেজারের শব্দ শোনা যায়। স্থানীয়রা ভয়েও কাউকে কিছু বলতে পারছে না। এই বালু উত্তোলন বন্ধ না হলে সামনে সবাইকে বিপদে পড়তে হবে।
এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, ‘অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। নির্দিষ্ট তথ্য পেলে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হবে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’