পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে শিক্ষার্থীদের আগ্রহী করতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ কলেজ, জামালগঞ্জ উচ্চ বিদ্যালয় ও জামালগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুর ১২টায় জামালগঞ্জ কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে আম, কাঁঠাল, লেবু, নিমসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যার প্রতিও গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইতেখার হোসেন রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক-উর-রহমান, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা, জামালগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকলিমা খানম, জামালগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরুজা সুলতানা এবং জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা কুমার সরকার উপস্থিত ছিলেন।