জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া ফোনকলের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেল চুরির অভিযোগে হেলাল শেখ (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
৯৯৯ সূত্র জানায়, ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকার আজিম শেখের বাড়িতে একটি চোরাই মোটরসাইকেল লুকিয়ে রাখা হয়েছে—এমন তথ্য দিয়ে রোববার (৫ জুলাই) এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
তথ্য পাওয়ার পর ৯৯৯-এর কলটেকার কনস্টেবল জাকির হোসেন বিষয়টি দ্রুত ফকিরহাট থানায় জানান। একই সময় পুলিশ ডিসপ্যাচার এএসআই উদয় কুমার ঘোষ অভিযানের অগ্রগতি নিশ্চিত করতে কলদাতা ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।
খবর পেয়ে ফকিরহাট থানার একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে। পরে স্থানীয়দের সহায়তায় চুরির অভিযোগে হেলাল শেখকে আটক করা হয়। তিনি গৌরুবা গ্রামের মৃত মোছলেম শেখের ছেলে।
৯৯৯-এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।