ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনগত বাধা নেই। তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন এবং প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে।
সোমবার (৬ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘শেখ হাসিনা ফিরবেন, ফিরে আদালতে সারেন্ডার করবেন, বেইল চাইবেন। এটি আমাদের স্বাভাবিক ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) প্রক্রিয়া। সে অনুযায়ী যা হওয়ার তাই হবে।’
বিরোধী দলের ছায়ামন্ত্রীসভা গঠনের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে এমন সংস্কৃতি রয়েছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, সমালোচনা এবং গঠনমূলক পরামর্শ দেওয়ার মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখলে সেই উদ্যোগকে স্বাগত জানানো হবে।’
পরে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুমিন ফারহানা।
মো. সাইফুল ইসলামর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন আকাস দত্ত। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন অংশীজনের মধ্যে গাছের চারা ও সনদপত্র বিতরণ করেন।