কুষ্টিয়ার কুমারখালীতে রতন (২১) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, প্রিয় দল ব্রাজিলের পরাজয় এবং তা নিয়ে ট্রলের শিকার হয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
সোমবার (০৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। তার দুই মাস বয়সি এক সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ফুটবল ম্যাচে ব্রাজিলের পরাজয়ের পর রতন বেশ হতাশ ছিলেন। খেলা শেষে অন্য দলের সমর্থকদের বিভিন্ন কটাক্ষ ও ট্রলের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে নিজ কক্ষে গিয়ে গলায় ফাঁস দেন।
নিহতের বাবা হোসেন মিস্ত্রি জানান, রাতে খেলা দেখে রতন ঘুমাতে যান। সকালের দিকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তাকে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিরুল ইসলাম জানান, রতন ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক ছিলেন। তার দল হেরে যাওয়ায় পরাজয়ের গ্লানি সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে তার পরিবার। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।