আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। টানা ভারি বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সোমবার (৬ জুলাই) রাত ৯টার দিকে এ সিদ্ধান্ত জানানো হয়।
জেলা প্রশাসন জানায়, কয়েকদিন ধরে বান্দরবান জেলায় অব্যাহত ভারি বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি ও সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কা বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, বৈরী আবহাওয়ার কারণে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।