টানা ভারি বর্ষণের কারণে কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাহাড়ধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাদের মা। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার মছনিয়াকাটা এলাকায় বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ভোররাতে পাহাড়ধসের খবর পেয়ে প্রশাসনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। ধসে একটি পরিবারের মা ও তার দুই সন্তান মাটিচাপা পড়ে। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আহত মায়ের চিকিৎসা চলছে।
তবে তাৎক্ষণিকভাবে নিহত দুই শিশুর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ইউএনও শাহীন।
ঘটনার পর স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। টানা বর্ষণের কারণে পাহাড়ি ও ভূমিধসপ্রবণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার পাশাপাশি নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।
এদিকে নতুন এই দুর্ঘটনায় গত কয়েক দিনে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার জেলার বিভিন্ন জায়গায় পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে।