কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির বিচ্ছিন্ন পা খুঁজে না পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
নিহত হাসেম আলী (৬০) কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।
জানা গেছে, বুধবার (৮ জুলাই) বিকেলে সদর উপজেলার আব্দালপুরের শাহপুর নতুন মসজিদ মোড় এলাকায় একটি ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন হাসেম আলী। দুর্ঘটনায় তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের পরামর্শে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরে স্বজনরা বিচ্ছিন্ন ডান পা নিতে গেলে হাসপাতালের অপারেশন থিয়েটারে অনেক খোঁজাখুঁজির পরও সেটি পাওয়া যায়নি বলে অভিযোগ করেন। শেষ পর্যন্ত বিচ্ছিন্ন পা ছাড়াই মরদেহ নিয়ে হাসপাতাল ত্যাগ করেন পরিবারের সদস্যরা। এ ঘটনাকে দুঃখজনক ও ন্যাক্কারজনক উল্লেখ করে রহস্য উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।
এ বিষয়ে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির বিচ্ছিন্ন পা হাসপাতালে আনার পর সেটি হাসপাতালের কর্মীরা নিহতের স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছেন বলে তিনি রাতে শুনেছেন। এরপর কী হয়েছে, তা তার জানা নেই। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।