কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও পাঁচ বছর বয়সী সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এহেসামুল হক নামের এক রোহিঙ্গার বিরুদ্ধে। এ সময় তাদের আরেক ছেলে গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) মধ্যরাতে ক্যাম্প-৬-এর বি/৬ ব্লকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
নিহতরা হলেন ক্যাম্পের বাসিন্দা মোস্তাক আহমদের মেয়ে শহীদ নূর ওরফে সুফিয়া (৩০) ও তার পাঁচ বছর বয়সী ছেলে শামীম। আহত মো. আফছার ওরফে বাপ্পীকে (১৪) উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা যায়, গভীর রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এহেসামুল হক ধারালো দা দিয়ে স্ত্রী সুফিয়া এবং দুই ছেলে শামীম ও বাপ্পীর ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই সুফিয়া ও শামীমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বাপ্পীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
১৪ এপিবিএনের ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত এহেসামুল হক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক ইউনিট অভিযান চালাচ্ছে। নিহত মা ও ছেলের মরদেহ ময়নাতদন্তের জন্য উখিয়া থানা পুলিশের মাধ্যমে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। একই সঙ্গে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।